মেহেরপুরে র‌্যাব কর্মকর্তাসহ তিন জনের করোনা শনাক্ত

মেহেরপুরমেহেরপুরে নতুন করে র‌্যাব কর্মকর্তাসহ তিন জনের করোনা শনাক্ত হয়েছে। মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (২০ জুন) সন্ধ্যায় তিনি জানান, কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে ৩৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে এতে তিন জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের বাড়িসহ পার্শ্ববর্তী কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করা হবে।

করোনা শনাক্তরা হলেন, গাংনী র‌্যাব ক্যাম্পের এএসআই (উপ-সহকারী পরিদর্শকক) খবির মিয়া (৩৩), মেহেরপুর শহরের কাসারিপাড়ার তেলা মিয়ার স্ত্রী তানিয়া (৩৫) ও কোলা গ্রামের তরিকুল ইসলাম।

র‌্যাব কর্মকর্তাকে প্রাথমিকভাবে ক্যাম্পের রুমে আইসোলেশনে রাখা হয়েছে। অন্য দুই জন তাদের বাড়িতেই আইসোলেশনে আছেন।

এই নি‌য়ে জেলার এক হাজার ৫৪৬টি নমুনা পরীক্ষার প্রাপ্ত রিপোর্টে মোট ৪২ জন শনাক্ত হ‌লেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ জন, মৃত্যু হয়েছে চার জনের এবং আক্রান্ত ১৮ জন চি‌কিৎসা‌ধীন রয়েছেন।