উপসর্গে মারা যাওয়া অভয়নগরের সেই শিক্ষক করোনা আক্রান্ত ছিলেন

যশোরকরোনাভাইরাসের উপসর্গ নিয়ে খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যাওয়া যশোরের অভয়নগর উপজেলার অবসরপ্রাপ্ত শিক্ষক বিমলেন্দু চক্রবর্তী (৬৫) করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। গত ১৭ জুন সন্ধ্যায় মারা যান তিনি। আজ শনিবার (২৭ জুন) তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রহমান রিজভী এ তথ্য জানান।

বিমলেন্দু চক্রবর্তী অভয়নগর উপজেলার ধুলগ্রাম গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার ধুলগ্রাম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বিমলেন্দু চক্রবর্তী দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। কয়েকদিন আগে তার জ্বর হয়। সোমবার বিকাল থেকে শ্বাসকষ্ট শুরু হলে তাকে পাশের খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেখানে তিনি মারা যান। রাতেই তার নমুনা সংগ্রহ করে পরদিন পরীক্ষার জন্য নমুনা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়।

যশোর সিভিল সার্জন অফিসের দায়িত্বপ্রাপ্ত ডা. মো. রেহেনেওয়াজ বলেন, 'বিমলেন্দু চক্রবর্তীর মৃত্যু নিয়ে করোনায় এ পর্যন্ত যশোরে ৯ জন মারা গেলেন।'

যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় যবিপ্রবি জেনোম সেন্টারে ৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৪ জনই নতুন। এ নিয়ে জেলায় আক্রান্ত হলেন ৫১০ জন। সুস্থ হয়েছেন ১৫৫ জন।