ডাক্তার নুর উদ্দিন আল বাঁকির বাড়ি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুরে। তার মরদেহ ঢাকা থেকে মেহেরপুর নেওয়া হচ্ছে।
মেডিক্যাল অফিসার ডাক্তার নজমুল মনির জানান, গত ৩ জুলাই নুর উদ্দিনের শরীরে করোনা শনাক্ত হয়। তিনি ডায়াবেটিস রোগী হওয়ায় ওই দিন রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। পরে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তার মৃত্যু হয়।
চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটি (এফডিএসআর) জানিয়েছে, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৬৬ জন চিকিৎসক মারা গেছেন, আর উপসর্গ নিয়ে মারা গেছেন ১০ জন চিকিৎসক। ১৬ জুলাই পর্যন্ত এক হাজার ৮০৬ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৭৫০ থেকে ৮০০ জনের মতো সুস্থ হয়ে কাজে ফিরেছেন বলে জানান সংগঠনের যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী।
প্রসঙ্গত, সর্বশেষ বৃহস্পতিবার (১৬ জুলাই) পর্যন্ত কুষ্টিয়ায় এক হাজার ৭০ জন কোভিড-১৯ এ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৪৩৭ জন। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৬ জন। এ পর্যন্ত কুষ্টিয়ায় ভাইরাসটিতে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ২২ জন মৃত্যুবরণ করেছেন।