করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যালে আরও তিন জনের মৃত্যু

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালকরোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই জন হাসপাতালের অইসোলেশনে ও এক জন মেডিক্যালে ভর্তির আগেই মারা গেছেন। বুধবার (২২ জুলাই) ভোর ৬টার মধ্যে তাদের মৃত্যু হয়।
মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ওবায়দুরনগর গ্রামের মৃত আছিরউদ্দিন মোড়লের ছেলে আব্দুর রহিম (৭০), সদর উপজেলার ব্রক্ষরাজপুর গ্রামের মৃত নেতাই চন্দ্রের ছেলে সুভাষ চন্দ্র (৬৪) ও দেবহাটা উপজেলার কুলিয়া শ্রীরামপুর গ্রামের দাউদ আলীর ছেলে আলাউর কবির (৫০)।
সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, গত ১৮ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মেডিক্যালের আইসোলেশনে ভর্তি হন আব্দুর রহিম। বুধবার ভোর ৪টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে ২১ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশনে ভর্তি হন সুভাষ চন্দ্র। এদিন রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
অপরদিকে, বুধবার (২২ জুলাই) ভোর ৬টায় করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আসেন আলাউর কবির। ভর্তি হওয়ার আগেই তিনি মারা যান।
ডা. রফিকুল ইসলাম আরও জানান, মারা যাওয়ার পর তিন জনেরই নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে তাদের লাশ দাফন ও সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।
এ নিয়ে সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ৪০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৩ জন।