বড় জা’র কুড়ালের আঘাতে ছোট জা নিহত

Satkhira murder photosসাতক্ষীরার কলারোয়ায় বড় জা এর কুড়ালের আঘাতে ছোট জা নিহতের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ আগস্ট) উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ছকিনা খাতুন (৩৫) ওই গ্রামের আনার আলীর স্ত্রী। এই ঘটনায় ঘাতক বড় জা এবং তার স্বামী ও ছেলেকে পুলিশ আটক করেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, কলারোয়া উপজেলার গয়ড়া গ্রামের বৈদ্য পাড়ার হযরতের দুই পুত্রবধূর মধ্যে পারিবারিক কলহের কারণে ঝগড়া হয়। সেই সময়ই মেজো জা মর্জিনা খাতুন সেলিনার (৩৭) কুড়ালের আঘাতে মৃত্যু হয় ছকিনার। সেলিনার ছেলে জাহিদ হাসানও (১৪) কুড়াল দিয়ে আঘাত করে তার চাচী ছকিনাকে। মারামারির ঘটনায় নিহতের মেয়ে রাজিয়া লাবনী (১৫) এবং ঘাতকের মেয়ে সোনিয়া (১৭) আহত হয়। প্রতিবেশিরা তাৎক্ষণিকভাবে মা ও মেয়েকে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে মাকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। আহতদের কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে পালানোর সময় ঘাতক সেলিনা, তার স্বামী ইমানুর রহমান ঝন্টু (৪০) এবং ছেলে জাহিদ হাসানকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়।

কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. শফিকুল ইসলাম বলেন, ‘নিহতের ঘাড় ও মাথায় ধারালো ও ভারি কিছুর আঘাতের কারণেই মৃত্যু হয়েছে। এছাড়া শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আহত দুই জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মর্জিনা খাতুনের কুড়ালের আঘাতে তার জা ছকিনার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মর্জিনা, তার স্বামী ও ছেলেকে আটক করা হয়েছে। মামলা সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’