নিখোঁজ পুলিশ কনস্টেবল আবু মুসা লোহাগড়া উপজেলার চাচই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের ছেলে এবং ঢাকার পুলিশ হেডকোয়াটার্সে কর্মরত ছিলেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পুলিশ কনস্টেবল আবু মুসা, তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যসহ মোট ৭-৮ জন ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে কালনাঘাট এলাকায় মধুমতি নদীতে ঘুরতে বের হন। নৌকাটি সন্ধ্যা ৭টার দিকে মধুমতি নদীতে নির্মিতব্য সেতুর পিলারের সঙ্গে ধাক্কা খেলে আবু মুসা মিয়া ও চার মাস বয়সী পুত্র আনাব পানিতে ডুবে যায়। নদীতে প্রচন্ড স্রোত থাকায় পানির তোড়ে মূহুর্তে তারা নিখোঁজ হয়ে যান। স্থানীয় ডুবুরিরা রাত ১০টা পর্যন্ত অনেক চেষ্টা করেও তাদের উদ্ধার করতে পারেননি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান আরও জানান, নিখোঁজ আবু মুসা মিয়া ও পুত্রকে উদ্ধারের জন্য বাইরে থেকে ডুবুরি আনার চেষ্টা চলছে।