মেহেরপুরের তিন জন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। আনসার ও ভিডিপি’র মেহেরপুর জেলা কমান্ড্যান্ট (চলতি দায়িত্ব) রাকিবুল ইসলাম বলেন, মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগরের ইউএনও’র নিরাপত্তার জন্য ৪ জন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) থেকে ইউএনওদের সরকারি বাসভবনে ৪ জন সশস্ত্র আনসার সদস্যকে পাহারা দিচ্ছেন। সদর উপজেলার ইউএনও মাসুদুল আলম ও মুজিবনগরের ইউএনও সুজন সরকার এ তথ্য জানিয়েছেন। গাংনীর ইউএনও সেলিম শাহনেওয়াজের বাসভবনেও আনসার সদস্যরা পাহারায় রয়েছেন।
প্রসঙ্গত, ৩ সেপ্টেম্বর দিনাজপুর জেলার ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনার পর থেকে সারাদেশের উপজেলা নির্বাহী অফিসারদের নিরাপত্তার জন্য আনসার সদস্য মোতায়েন করা হয়।