শার্শায় গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

আজমল ফাহিম আবির যশোরের শার্শা উপজেলায় বিয়ের কথা বলে এক গৃহপরিচারিকাকে (২৫) ধর্ষণের অভিযোগে আজমল ফাহিম আবির (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় তাকে উপজেলার নাভারণ রেলবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম খান এ তথ্য জানান।

পুলিশ জানিয়েছে, শার্শা উপজেলার উলাসী এলাকার এক তরুণী নাভারণ রেলবাজার এলাকার এনামুল হাজীর বাড়িতে পরিচারিকা হিসেবে কাজ করেন। এনামুল হাজীর ছেলে আজমল ফাহিম আবির বিয়ের কথা বলে গত তিন-চার মাস ধরে গৃহপরিচারিকা ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে আসছে। ওই তরুণী এখন বিয়ের কথা বললে সে টালবাহানা শুরু করে। এ কারণে মেয়েটি মঙ্গলবার দুপুরে থানায় একটি অভিযোগ দায়ের করে। 

ওসি বদরুল আলম খান বলেন, ‘এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে। মামলা নম্বর-৯/০৬.১০.২০২০। সন্ধ্যার দিকে আসামি আবিরকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। শারীরিক পরীক্ষার জন্য ভিকটিমকে বুধবার (৭ অক্টোবর) সকালে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হবে।’