বাগেরহাটে এনজিও কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১



আসামি মামুন


বাগেরহাটের ফকিরহাটে এক এনজিও কর্মীকে (২৬) সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মামুন (২৬) নামের এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর) ফকিরহাটের জারিয়া মাইট কুমড়া এলাকায় অভিযান চালিয়ে মামুনকে আটক করা হয়। এ সময় মামুনের কাছ থেকে ভিডিও ধারণ করা মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে ওই এনজিও কর্মী চার জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের কথা উল্লেখ করে ফকিরহাট থানায় মামলা করেন। চার আসামি হলো, রাজমিস্ত্রি ফিরোজ (২৮), দিনমজুর মুসা (২৬), ভ্যানচালক রাজু (২৯) ও মামুন (২৭)। আটক মামুন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনম খায়রুল আনাম।
তিনি জানান, ওই নারী যে বাড়িতে ভাড়া থাকতেন, তার রুমের পাশে এক ছেলে শিক্ষার্থী ভাড়া থাকতেন। চার ব্যক্তি শনিবার গভীর রাতে ওই নারীর ঘরে প্রবেশ করে। প্রতিবেশী ছেলেটির সঙ্গে ওই নারীর অনৈতিক সম্পর্ক রয়েছে বলে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেন তারা। একপর্যায়ে তারা ওই নারীকে ধর্ষণ করে। সোমবার (১২ অক্টোবর) সকালে মামুনকে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।