বিজয়ী হলে যশোর সদরকে স্মার্ট উপজেলা করবো: নীরা






মতবিনিময়ের সময় নূরজাহান ইসলাম নীরাযশোর সদর উপজেলা চেয়ারম্যানের শূন্য পদে নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী নূরজাহান ইসলাম নীরা সোমবার (১২ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।  
মতবিনিময়ের সময় তিনি বলেন, নির্বাচিত হলে যশোর সদরকে আমি একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো।

নীরা বলেন, আগামী ২০ অক্টোবর শূন্য পদে নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা উপহার দিয়েছেন। আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী নৌকার পক্ষে ক্যাম্পেইন করছেন।  
দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার, জেলা পরিষদের সদস্য মেহেদি হাসান মিন্টু, জেলা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট আলী রায়হান, অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান মুকুল, মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালীসহ ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা।  
নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার মানুষের কর্মসংস্থানে ব্যাপক কাজ করছে। আশা করা হচ্ছে, নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন।  
এক প্রশ্নের জবাবে তারা বলেন, প্রতিপক্ষ বিএনপি কেবল নালিশ জানায়, তাদের ভোট দিতে দেওয়া হয় না। প্রকৃতপক্ষে তারা ভোটের মাঠেই থাকে না।  
নেতারা বলেন, নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনের ব্যাপারে জেলা আওয়ামী লীগের মধ্যে কোনও বিভেদ নেই। সবাই ঐক্যবদ্ধভাবে নীরাকে বিজয়ী করতে কাজ করছেন।    
উল্লেখ্য, যশোর সদর উপজেলার তৎকালীন চেয়ারম্যান শাহীন চাকলাদার পদত্যাগ করে সংসদ নির্বাচনে (যশোর-৬ আসন) অংশ নেন। এ কারণে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য হয়।