মংলা থেকে অপহৃত শিশু মীমকে (৬) শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নারায়ণগঞ্জের সানারপাড় এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব-৬। এসময় দুই অপহরণকারীকে আটক করা হয়েছে। মংলা র্যাব কার্যালয়ে রবিবার সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলন শেষে মীমকে তার বাবা মায়ের কাছে হস্তান্তর করা হয়।
অপহরণকারীরা হলেন, মনির হোসেন (২৮), সাইফুল ইসলাম (৩৮)। তাদের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বওসা গ্রামে।
র্যাব ৬-এর কমান্ডিং অফিসার মো. রফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, ২৩ ডিসেম্বর মংলার মালগাজি এলাকা থেকে মীমকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় মীমের নানি মংলা থানায় জিডি করেন এবং র্যাবকে জানান। অভিযোগ পাওয়ার পর র্যাব গোপন সংবাদের ভিত্তিতে এবং অপহরণকারীদের মোবাইল ট্রেকিং-এর মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত করে। পরে নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় অভিযান চালিয়ে মীমকে উদ্ধার এবং দুই অপহরণকারীকে আটক করা হয়।
মীমের নানি জানান, অপহরণকারীদের সঙ্গে তার দুই বছর আগে মোবাইল ফোনে পরিচয় হয়। এর পর অপহরণকারীদের সঙ্গে তার এক ধরনের আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে। অপহরণকারীর প্রায়ই তাদের বাড়িতে বেড়াতে আসতো এবং মীম তাদের মামা বলে ডাকতো। ২৩ ডিসেম্বর তারা বেড়াতে এসে মীমকে সোয়েটার কিনে দেওয়ার জন্য মার্কেটে নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করে।
/জেবি/এফএ/