করোনার উপসর্গ নিয়ে সামেক হাসপাতালে নারীর মৃত্যু





করোনাভাইরাসকরোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত ওই নারীর নাম জোছনা খাতুন (২২)। তিনি কুমিল্লা জেলার দক্ষিণ কুমিল্লার ছোট শরিফপুর এলাকার মোশারফ হোসেনের স্ত্রী।
মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে ওই নারী বৃহস্পতিবার (৫ অক্টোবর) হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান।

তিনি আরও জানান, তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হলেও এখনও পর্যন্ত রিপোর্ট পাওয়া যায়নি।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে ওই নারীর লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ১২০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩১ জন।