পাটের ব্যাগ উদ্ভাবনে সহায়তা করবে সরকার: পরিবেশ মন্ত্রী

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পরিবেশ মন্ত্রীপরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, পলিথিন ব্যাগের বহুল ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক হুমকির সৃষ্টি করছে। এ জন্য পলিথিনের বিকল্প পাটের ব্যাগ উদ্ভাবনের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এ লক্ষ্যে দেশীয় উদ্ভাবকগণ এগিয়ে আসলে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। তিনি বলেন, বাসযোগ্য পরিবেশ বজায় রাখার স্বার্থে ক্ষতিকর পলিথিনের ব্যাগের পরিবর্তে পাট ও চটের ব্যাগ ব্যবহার করতে হবে।

আজ শনিবার (৭ নভেম্বর) দুপুরে বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদফতর কর্তৃক আয়োজিত ‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের নিয়ে হেলথ ক্যাম্প-২০২০’ এবং প্রণোদনা কর্মসূচির আওতায় রবি/২০২০-২১ মৌসুমে কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সারা দেশে জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বিভিন্ন ধরনের জনস্বার্থমূলক জলবায়ু সহিষ্ণু প্রকল্প বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে বড়লেখা পৌর এলাকায় সৌরবাতি স্থাপনের লক্ষ্যে ২ কোটি টাকা এবং জুড়ী পর্যন্ত বিভিন্ন বাজার আলোকিত করার জন্য ৫ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।

তিনি বলেন, দেশের সকল অসহায় দুঃস্থ মানুষকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা হয়েছে। যার অংশ হিসেবে বড়লেখা উপজেলায় প্রায় ২৬ হাজার পরিবারকে বিভিন্নভাবে সহায়তা প্রদান করা হচ্ছে।

মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা স্বপ্ন দেখেন, সেটা বাস্তবায়ন করেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ধারাবাহিকতা বজায় থাকলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ ইউরোপ আমেরিকার মতো উন্নত দেশে পরিণত হবে। বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমেদ, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তাজ উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন্নাহার বেগম, সমবায় কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বাক শাহিদা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে ‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল’ কর্মসূচির আওতায় ‘হেলথ ক্যাম্প’ উদ্বোধন ও ৪৭৫ জন মহিলার মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং ৭ জন মহিলার মাঝে ১৫ হাজার টাকা করে ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়। রবি/২০২০-২১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, সূর্যমুখী, বোরো, গম, ভুট্টা, চিনাবাদাম ও গ্রীষ্মকালীন মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮৭০ জন কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। এ কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষক ১ বিঘা জমি চাষের জন্য উপকরণ পাবেন। অনুষ্ঠানে ক্রীড়া পরিদফতর থেকে প্রাপ্ত ক্রীড়া সামগ্রীও বিতরণ করা হয়।

এর আগে, ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্য ধারণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে ‘জাতীয় সমবায় দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ মন্ত্রী বলেন, সমবায় সমিতি গঠন করতে হবে, উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে। তবেই বেকার সমস্যার সমাধান হবে, সমাজের ও দেশের উন্নয়ন ঘটবে।