ছাত্রী অ্যাথলেটকে ধর্ষণের অভিযোগে প্রশিক্ষক আটক

যশোর মানচিত্রযশোরে এক নারী অ্যাথলেটকে ধর্ষণ ও মালামাল ছিনতাইয়ের অভিযোগে তার প্রশিক্ষক শ্রীনিবাস হালদারকে আটক করেছে পুলিশ। রবিবার গভীর রাতে শ্রীনিবাস হালদারকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। তিনি যশোর উপশহর ডিগ্রি কলেজের ক্রীড়াশিক্ষক।
যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার আককাছ আলী অভিযোগ করেন,ওই নারী অ্যাথলেট মাগুরা সদর উপজেলার বয়রা গ্রামের বাসিন্দা। তিনি যশোর উপশহর কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী এবং জেলা দলের থ্রো ইভেন্টের অ্যাথলেট। ক্রীড়া শিক্ষক শ্রীনিবাস হালদার ওই নারী অ্যাথলেটের প্রশিক্ষক ছিলেন। তিনি নানা প্রলোভনে দীর্ঘদিন ধরে ওই নারী অ্যাথলেটের সঙ্গে শারীরিক সম্পর্ক চালিয়ে আসছিলেন।
শিকদার আককাছ আলী জানান,শনিবার রাতে যশোর শহরের একটি আবাসিক হোটেলে একত্রে রাত্রিযাপনের পর রবিবার শ্রীনিবাস হালদার নিজের উপস্থিতিতে লোকজন দিয়ে ওই নারী অ্যাথলেটকে মারধর করেন এবং বাইসাইকেল,স্বর্ণালংকার ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেন। রাতেই ওই নারী ক্রীড়াবিদ থানায় অভিযোগ দিলে গভীর রাতে পুলিশ শ্রীনিবাস হালদারকে আটক করে।
এ ঘটনায় মামলা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা।

/জেবি/বিএ/