উন্নয়নের ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল বলে মন্তব্য করেছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। তিনি বলেন, গত ১২ বছরে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশ্বের কাছে বাংলাদেশ এখন রোল মডেল। অর্থনীতির ৫৪টি সূচকের মধ্যে বিশ্বে বাংলাদেশের অবস্থান ২০তম। করোনাকালেও দেশের অর্থনীতি সচল রয়েছে। আর এসব সম্ভব হয়েছে কেবল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে।
যশোর সদরের আরবপুর ইউনিয়ন পরিষদ মাঠে শুক্রবার বিকালে (৮ জানুয়ারি) সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নূরজাহান ইসলাম নীরার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মানুষের জীবন-জীবিকার জন্য প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তিনি বিশ্বাস করেন, সাধারণ মানুষ ভালো থাকলে দেশ ভালো থাকবে ও অর্থনীতির গতি সচল থাকবে। তাই গ্রামীণ অবকাঠামোর দিকে তার বিশেষ নজর রয়েছে। দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প কিছুই ভাবা যায় না। উন্নয়ন সুদৃঢ় করতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার কোনও বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে কাজী নাবিল আহমেদ তার নিজ বাসভবন শহরের কাজীপাড়ায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।
পরে জেলা যুব মহিলা লীগের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ উপস্থিত ছিলেন। সংগঠনের জেলা সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালীর সভাপতিত্বে অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরজাহান ইসলাম নীরা, জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান মিন্টু, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আকলিমা খাতুন লাকি, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান বাবলু প্রমুখ বক্তব্য রাখেন।