খুলনায় ছুরিকাঘাতে যুবক খুন

 

খুলনা মহানগরীতে নয়ন (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আলি আহসানাউল্লাহ হলের পাশে এ ঘটনাটি ঘটে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক এ ঘটনা নিশ্চিত করে বলেন, পূর্ব-শত্রুতার জেরে নয়নকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। তবে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। নিহত নয়ন গল্লামারী ইসলাম নগর এলাকার মালেক সরদারের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে নয়ন ও তার কয়েকজন সহযোগী চায়ের দোকানে বসে ছিল। পূর্ব-শত্রুতার জেরে নয়নের সাথে ৩-৪ যুবকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছলে নয়নের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় যুবকরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন নয়নকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।