যশোরে ট্রলিচাপায় মাদ্রাসাছাত্র নিহত

যশোরের মনিরামপুরে বালির ট্রলির নিচে চাপা পড়ে সুলাইমান হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রহমান মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মনিরামপুর পৌর এলাকার মোহনপুর এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। সে মাদানিনগর মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।

নিহতের স্বজনরা জানায়, বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) মাদ্রাসা থেকে ছুটিতে বাড়ি আসে সুলাইমান। শুক্রবার সকালে মোহনপুর থেকে নিজেদের  ট্রলিতে বালি বোঝাই করে সাড়াপোল এলাকায় যাচ্ছিল চালক। সেই ট্রলিতে চড়ে দুই বন্ধুর সঙ্গে যায় সুলাইমান। ট্রলিটি কালারহাটের রহমান মোড়ে পৌঁছালে রাস্তার ওপর পড়ে যায় সে। তখন ট্রলির চাকা সুলাইমানের পেটের ওপর উঠে যায়। দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

মনিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিজানুর রহমান জানান, হাসপাতালে আনার পথে শিশুটির মৃত্যু হয়েছে। বিষয়টি পুলিশকে জানিয়েছি।

জানতে চাইলে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘কেউ অভিযোগ দেয়নি। ময়নাতদন্ত ছাড়াই তার পরিবার শিশুটি নিতে চাইছেন। আমরা বিষয়টির খোঁজ-খবর নিচ্ছি।’