দুই বছর পর দেশে ফিরলো পাচার হওয়া ২ কিশোর

ভালো কাজের প্রলোভনে পড়ে ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি কিশোরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে দেশটির পুলিশ। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই বছর আগে ভারতীয় পুলিশের হাতে আটক হয়েছিল তারা।

বৃহস্পতিবার (৪ ফ্রেবয়ারি) সন্ধ্যায় ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

ফেরত আসা দুই কিশোর হলো রাজশাহীর আব্দুল শেখের ছেলে আব্দুল আজিজ লাবু (১৬) ও নড়াইলের কাজী মাকসুদ আহমেদের ছেলে কাজী শাহারিয়ার (১৭)।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ইমিগ্রেশনের আইনি প্রক্রিয়া শেষে দুই কিশোরকে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামে যশোরের একটি বেসরকারি সংগঠনের জিম্মায় দেওয়া হয়েছে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রোগ্রামার অফিসার অপূর্ব কুমার সাহা জানান, আইনি সহায়তা দিতে দুই কিশোরকে গ্রহণ করা হয়েছে। পরে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ভুক্তভোগী কিশোররা জানায়, কাজের কথা বলে তাদেরকে এক প্রতিবেশী সীমান্ত পথে ভারতে মুম্বাই নিয়ে যায়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মুম্বাই পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। এরপর তাদের আশ্রয় হয় একটি বেসরকারি  সংস্থার শেল্টার হোমে।  দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনি প্রক্রিয়ার মাধ্যমে ট্রাভেল পারমিটে বৃহস্পতিবার তারা দেশে ফেরত আসে।