আগামী সপ্তাহেই একনেকে উপকূলের টেকসই বাঁধের অনুমোদন: প্রতিমন্ত্রী

উপকূলের মানুষের কথা ভেবে স্থায়ী বাঁধ নির্মাণে কাজ চলছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তিনি বলেন, সাতক্ষীরা এবং খুলনার কয়রা এলাকায় সমীক্ষা চালিয়ে টেসসই বাঁধের পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে এটি একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আগামী বর্ষা মৌসুমের আগেই এই এলাকায় স্থায়ী বাঁধের কাজ শুরু হবে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা ও খুলনার কয়রার বিভিন্ন ভাঙন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আম্পানের পর উপকূলের মানুষের দুঃখ-দুর্দশা দেখেছি। আগামীতে উপকূলের মানুষ যাতে কষ্ট না পান, সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, উপকূলের ভাঙন কবলিত ১২টি পয়েন্টের বেড়িবাঁধ নির্মাণের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। অধিকাংশ জায়গায় সেনাবাহিনী কাজ সম্পন্ন করেছে। ১২টি প্রকল্পে সেনাবাহিনীকে ৭৫ কোটি টাকা দেওয়া হয়েছে।

তিনি করোনা মহামারি থেকে বেঁচে থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, করোনা ভ্যাকসিনে কোনও ভয় নেই। তবু অনেকে এ নিয়ে গুজব ছড়াচ্ছে। ৭ তারিখ থেকে ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন নেওয়া সবাই সুরক্ষা পাবেন। পাশাপাশি সুস্থ থাকতে সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে।

এসময় খুলনা-৬ (কয়রা- পাইকগাছা) আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকন উদ দৌলা, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহা পরিচালক পরিকল্পনা ড. মো. মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী রফিকউল্লাহ, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, কয়রা উপজেলা চেয়ারম্যান শফিকুল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।