সংবাদকর্মীদের ওয়েজবোর্ড বাস্তবায়নে সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহমেদ। তিনি বলেন, ‘প্রেস হচ্ছে ফোর্থ স্টেট। বিশ্বের সব দেশে সবসময় প্রেস বিমাতাসুলভ আচরণের শিকার হয়ে আসছে। আমাদের দেশে জননেত্রী শেখ হাসিনা সংবাদকর্মীদের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তার সময়কালে দেশে সবচেয়ে বেশি টেলিভিশন মিডিয়ার লাইসেন্স দেওয়া হয়েছে।’
শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রেস ক্লাব, যশোরের তৃতীয় ও চতুর্থ তলার উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাকিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
কাজী নাবিল আহমেদ বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই প্রেস ক্লাবের জন্য জমি দিয়েছিলেন। সেই কারণেই আজ আমরা এই ক্লাবে বসে কাজ করতে পারছি, কথা বলতে পারছি।’
সাংবাদিকদের উদ্দেশে নাবিল আহমেদ বলেন, ‘আমাদের প্রধান কাজ হচ্ছে, সাধারণ মানুষের কাছে সঠিক খবর পৌঁছে দেওয়া। সংবাদকর্মীদের শান্তিপূর্ণ পরিবেশে এক জায়গায় কাজ করার জন্য প্রেস ক্লাবের গুরুত্ব অপরিসীম। সাংবাদিকদের ঠিকানা হচ্ছে প্রেস ক্লাব। যশোরের প্রেস ক্লাবটি একটু একটু করে নান্দনিকভাবে এগিয়ে যাচ্ছে।’ ক্লাবটির আরও শ্রীবৃদ্ধি ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে প্রেস ক্লাব, যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলা ফারাজী আজমল হোসেন, ফকির শওকত, সম্পাদক আহসান কবীর প্রমুখ আলোচনা করেন। সাংবাদিক নেতৃবৃন্দ প্রেস ক্লাব, যশোরের তৃতীয় ও চতুর্থ তলার উন্নয়নের কাজ সম্পন্ন করে দেওয়ায় সন্তোষ প্রকাশ করেন।