যশোর শহরে আইরিন সুলতানা রিনি (৩৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের চাঁচড়া তেঁতুলতলা এলাকায় স্বামী পিয়াস হোসেন (৪০) তাকে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।
পিয়াস হোসেন শহরের বেজপাড়া এলাকার মো. বাবলুর ছেলে। তিনি স্ত্রী আইরিন সুলতানা রিনিকে নিয়ে চাঁচড়া তেঁতুলতলা এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন।
আইরিনের ভাই গিয়াস উদ্দিন জানান, পিয়াস হোসেন মাদকাসক্ত। সে প্রায়ই তার বোনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। বৃহস্পতিবার সকালেও রিনি মোবাইলফোনে তাকে জানান, পিয়াস তার সঙ্গে ঝগড়া-বিবাদ করছে। এরপর দুপুরে তিনি জানতে পারেন বোনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বেলা দেড়টার দিকে তিনি হাসপাতালে গিয়ে বোনের মরদেহ দেখতে পান। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দেলোয়ার হোসেন খান বলেন, ‘ওই গৃহবধূর গলা ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। তার কান দিয়ে রক্ত বের হচ্ছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘এখনও মামলা হয়নি। মরদেহ দাফনের পর নিহতের স্বজনরা মামলা করবেন বলে জানানো হয়েছে। ঘটনার পরপরই নিহতের স্বামী পালিয়ে যায়।’