মোটরসাইকেল থেকে ছিটকে বাসের চাকার তলায় গেলো প্রাণ

যশোরের বাঘারপাড়ায় বাসের ধাক্কায় সুমাইয়া পারভীন নিপা (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে যশোর-নড়াইল সড়কের চাড়াভিটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিপা খাতুন বাঘারপাড়া উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের মকছেদ গাজীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মেয়েকে নিয়ে নিপা তার ননদের জামাইয়ের মোটরসাইকেলে করে চাড়াভিটার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চাড়াভিটা মোড়ে নড়াইল সড়কে উঠলে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান নিপা।

স্থানীয়রা যশোর থেকে আসা বাসটি (যশোর-জ-১১-০১৮) আটক করলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় নিপার মেয়ে ও মোটরসাইকেল চালক অক্ষত আছেন।

বাঘারপাড়া থানার এসআই আলতাফ হোসেন জানান, ঘটনার পরপরই উত্তেজিত জনতা প্রায় ১৫ মিনিট যশোর-নড়াইল সড়ক অবরোধ করে রাখে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় নিহতের পরিবারের কোনও অভিযোগ নেই। তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ গ্রহণ করবে বলে পুলিশকে জানিয়েছে।