যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিরপাশা থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি রামদাসহ দুই জনকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১১ মার্চ) গভীর রাতে সিদ্ধিরপাশা নাউলি আড়পাড়া থেকে তাদের আটক করা হয়। হত্যার হুমকি দেওয়ার অভিযোগের সূত্র ধরে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন নাউলী আড়পাড়া গ্রামের গফফার গাজীর ছেলে সুলতান গাজী (২৮) এবং নাউলি উত্তরপাড়ার মোসলেম আকুঞ্জির ছেলে ফুরকান আকুঞ্জি (৩০)।
যশোর ডিবি পুলিশের ওসি সোমেন দাস জানান, সম্প্রতি অভয়নগর উপজেলার শুভরাঢ়া ইউনিয়নের মেম্বার নূর আলী শেখ দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। ওই মামলার তদন্তকালে তারা জানতে পারেন নূর আলী শেখের সহচর ফারুক খানকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে। যে মোবাইল ফোন নাম্বার থেকে তাকে হুমকি দেওয়া হয়েছে তার সূত্র ধরে বৃহস্পতিবার গভীর রাতে নাউলী আড়পাড়ায় অভিযান চালানো হয়। এ সময় সুলতান গাজী ও ফুরকান আকুঞ্জি নামে দুই জনকে আটক এবং তাদের মোবাইল ফোন জব্দ করা হয়। তারা হুমকি দেওয়ার কথা স্বীকার করেছেন। এরপর তাদের দেওয়া স্বীকারোক্তি মতে একটি দেশে তৈরি শাটারগান ও দুটি রামদা উদ্ধার করা হয়।
ওসি সোমেন দাস আরও জানান, আটককৃতরা জিজ্ঞাসাবাদে ইউপি মেম্বার নূর আলী শেখ হত্যায় জড়িতদের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।