পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে প্রতিনিয়ত দুর্যোগ মোকাবিলা করতে হচ্ছে খুলনার উপকূলীয় অঞ্চলের মানুষের। দুর্যোগের ফলে দরিদ্র মানুষ কাজের সন্ধানে শহরমুখী হয়। এসব ক্ষতিগ্রস্ত মানুষের জন্য স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে অভিবাসন বন্ধ হবে।’ তিনি বলেন, ‘এলাকার অর্থনৈতিক উন্নয়নে সমাজের দায়িত্ববান মানুষ এবং স্থানীয় উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।’
শনিবার (২০ মার্চ) দুপুরে খুলনায় ‘জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসন: প্রেক্ষিত-খুলনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নগরীর একটি হোটেলে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা-অ্যাওসেড ও অ্যাকশন এইড, বাংলাদেশ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত পরিস্থিতিতে মানুষকে পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো এবং দুর্যোগ মোকাবিলায় বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণে আলোচকবৃন্দ তাদের সুপারিশ তুলে ধরেন।
সভায় আলোচক ছিলেন খুলনা পরিবেশ অধিদফতরের পরিচালক মো. সাইফুল ইসলাম খান, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. দীলিপ কুমার দত্ত, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোস্তফা সরোয়ার, ফ্রোজেন ফুড অ্যাসোসিয়েশনের পরিচালক মো. রেজাউল হক, এফ আর জুট মিলসের পরিচালক শরিফ মোহাম্মদ ফাইকুজ্জামান প্রমুখ। ‘জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসন: প্রেক্ষিত খুলনা’ এর ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাকশন এইডের লিড-রেজিলিয়েন্ট অ্যান্ড ক্লাইমেট জাস্টিস তানজির আহমেদ। ধন্যবাদ জানান, বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেডের নির্বাহী পরিচালক শামীম আরফীন। আলোচনা সভায় সরকারি দফতরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।