ভাইপোর হাতে চাচা খুন

যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট গ্রামে ভাইপো দেলোয়ার হোসেনের (২২) হাতে চাচা আব্দুল মজিদ (৫০) খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২০ মে) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ ওই গ্রামের গফুর সর্দারের ছেলে। ভাইপো দেলোয়ার হোসেন একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে। প্রতিবেশীরা এ তথ জানিয়েছেন। ঘটনার পর থেকে দেলোয়ার পলাতক থাকলেও শুক্রবার (২১ মে) সকালে বেনাপোলের খড়িডাংগা গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

পুটখালী ইউনিয়নের ইউপি সদস্য তবিবুর রহমান জানান, জমিজমার সীমানা নির্ধারণ নিয়ে আগে থেকে ঝগড়া চলছিল চাচা-ভাইপোর মধ্যে। বৃহস্পতিবার রাতে আবারও জমি নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ভাইপো দেলোয়ার ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা বল্লম ছুড়ে মারে চাচা আব্দুল মজিদকে লক্ষ্য করে। এ সময় বল্লমটি চাচার পেটে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই চাচা মারা যান। অভিযুক্ত ভাইপো এখন পুলিশ হেফাজতে রয়েছে।

তিনি আরও জানান, শার্শা থানার ওসি বদরুল আলম ও বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি ফরিদ ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ রাতেই লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।