কামরুল ইসলাম বলেন, কাকনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠিও কেন্দ্র থেকে যশোরে পাঠানো হয়েছে।
সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মোল্লা জাহিদ হোসেনও বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা কমিটির সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় কমিটি সংগঠন থেকে কাকনকে বহিষ্কার করেছে।
এদিকে, শনিবার দুপুরে যশোর শহরের গাড়িখানা সড়কের ক্যালট্যাক্স পেট্রোল পাম্প এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি ককটেল তৈরির সরঞ্জাম, লাঠিসোটা ও রড উদ্ধার করেছে পুলিশ। যে ঘর থেকে এগুলো উদ্ধার করা হয়েছে, সেটি কাকন নিজের অফিস হিসেবে ব্যবহার করেন বলে জানান যশোর কোতোয়ালী থানার ওসি শিকদার আককাছ আলী।
উল্লেখ্য, বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট কভার করতে ঢাকা থেকে যশোরে যাওয়া বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর গাড়িতে শুক্রবার রাত ৯টার দিকে সন্ত্রাসী হামলা হয়। সৈনিক লীগের যশোর শহর শাখার সাধারণ সম্পাদক আবদুর রহমান কাকনের নেতৃত্বে ১০ থেকে ১২জন সন্ত্রাসী গাড়িতে থাকা চ্যানেলটির ক্যামেরাপারসন রিপন হোসেন ও ড্রাইভার আলাউদ্দিনকে বেধড়ক মারধর করে। তাদের ঠেকাতে গেলে ওই চ্যানেলের যশোরের স্টাফ রিপোর্টার তৌহিদুর রহমান, ৭১ টিভির এসএম ফরহাদ ও মাছরাঙার রাহুল রায়ও আহত হন।
গুরুতর আহত অবস্থায় রিপন ও আলাউদ্দিনকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সময় স্থানীয় লোকজন কাকনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
/এআর/