সুরক্ষার দোহাইয়ে নোটিশ ছাড়া কাটা হলো ৩ কৃষ্ণচূড়া গাছ

সাতক্ষীরা সরকারি কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে নোটিশ ছাড়াই রাতের আঁধারে তিনটি বিশাল কৃষ্ণচূড়া গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। গাছগুলো কাটায় ক্ষোভ দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে। তবে কলেজ কর্তৃপক্ষের দাবি, শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে পড়ায় গাছগুলো কাটা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সাতক্ষীরা সরকারি কলেজ এলাকার একাধিক বাসিন্দা জানান, এর আগে কলেজ ভবন নির্মাণের অজুহাতে দুটি মেহগনি গাছ কেটে গায়েব করে দেওয়া হয়। শনিবার (২১ আগস্ট) রাতে একইভাবে বিশাল আকৃতির তিনটি কৃষ্ণচূড়া গাছ কেটে ফেলা হয়। এরপর গাছগুলো গায়েব করায় সময় এলাকাবাসী দেখে ফেলে। পরে সাংবাদিকদের খবর দিলে ছবি তোলার সময় কলেজের উপাধ্যক্ষ আমানুল্লাহ হাদী ঘটনাস্থল থেকে সরে যান।

নোটিশ ছাড়াই গাছগুলো কেটে ফেলার অভিযোগ

এ ব্যাপারে উপাধ্যক্ষ আমানুল্লাল হাদী বলেন, ‘আমি গাছ কাটতে যাবো কেন? কলেজের অধ্যক্ষের অনুমতি নিয়ে গাছগুলো কাটা হয়েছে। তাছাড়া ঝড়ে গাছগুলো হেলে পড়ায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে কাটা হয়েছে।’

গাছ কাটার ব্যাপারে জানতে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আফজাল হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।