‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন কি-না তা দেশবাসী জানে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেছেন, ‘মতিউর রহমান নিজামী, গোলাম আজম, আলী আহসান মুজাহিদ, দেলোয়ার হোসাইন সাঈদী যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকেন তাহলে জিয়াউর রহমানও মুক্তিযোদ্ধা।’
শুক্রবার (২৭ আগস্ট) বিকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেন্ট্রাল অক্সিজেন ও হাই ডিপেন্ডেন্সি ইউনিট উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
‘করোনা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে’ উল্লেখ করে হানিফ বলেন, ‘করোনা মোকাবিলায় শেখ হাসিনার সরকার বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছেন। সীমিত সম্পদ নিয়ে এ সরকার দক্ষতার সঙ্গে করোনা মোকাবিলা করছে।’
পরে মিরপুর উপজেলা অডিটোরিয়ামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। সেই সঙ্গে মিরপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
এ সময় কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাংসদ আ কা ম সরওয়ার জাহান বাদশাহ, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়ার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।