যৌতুকের জন্য গর্ভপাত, স্বামী-নার্সসহ গ্রেফতার ৫

সাতক্ষীরায় এক গৃহবধূর অবৈধ গর্ভপাত ঘটানোয় দুই সরকারি নার্সসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) ভোরে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, ওই গৃহবধূর শ্বশুর শহরের পলাশপোল এলাকার বাবর আলী (৪৮), স্বামী নাজমুল ইসলাম সজল (২৮), শাশুড়ি পারভীন সুলতানা (৩৯) এবং সাতক্ষীরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দুই নার্স শিরিন সুলতানা (৩৯) ও মমতাজ শাহানারা লিলি (৩৭)।

ভুক্তভোগী গৃহবধূ বলেন, ‘যৌতুকের দাবিতে স্বামীসহ পরিবারের সদস্যরা আমার ওপর বিভিন্ন সময় নির্যাতন চালাতো। ১৪ আগস্ট সকালে আমাকে মারধর করে। ওই দিন বিকাল ৩টার দিকে সদর থানার সামনে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নিয়ে জোরপূর্বক অবৈধ গর্ভপাত ঘটায় স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন। পরবর্তী সময়ে সুস্থ হয়ে পড়লে বুধবার (০১ সেপ্টেম্বর) সদর থানায় মামলা করেছি।’

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, যৌতুকের দাবিতে নির্যাতন ও অবৈধ গর্ভপাতের ঘটনায় সাতক্ষীরা সদর থানায় ওই গৃহবধূ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দুই নার্সসহ গৃহবধূর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।