উল্টে যাওয়া ট্রাকের নিচে মিললো মোটরসাইকেল চালকের লাশ

যশোরের অভয়নগরে উল্টে যাওয়া একটি ট্রাকের নিচ থেকে দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলসহ মিজানুর রহমান (৪২) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৫ সেপ্টেম্বর) রাতে নওয়াপাড়া জুট মিলের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান বুইকরা গ্রামে থাকতেন। তার বাড়ি ঝিনাইদহের হরিণাকুন্ডুতে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে যশোরগামী ফ্লাই অ্যাশ (সিমেন্টের অত্যাবশ্যকীয় একটি উপাদান) বোঝাই একটি ট্রাকের চাকা ব্লাস্ট হলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এসময় খুলনাগামী একটি মোটরসাইকেল ট্রাকের নিচে চাপা পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা উল্টে যাওয়া ট্রাকের নিচ থেকে দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলসহ চালকের লাশ উদ্ধার করে।
 
এ বিষয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পিটব শিকদার জানান, এস্কেভেটর ব্যবহার করে প্রায় এক ঘণ্টার চেষ্টায় লাশ উদ্ধার করা হয়। পরে নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়।
 
নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ জানান, ট্রাকের নিচ থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাক ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকচালক ও তার সহকারী পলাতক রয়েছে।