দর্শনা সীমান্ত দিয়ে ৪ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

দর্শনা সীমান্ত দিয়ে ৪ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফচুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর চেকপোস্ট সীমান্ত দিয়ে একই পরিবারের ২ শিশুসহ চার বাংলাদেশিকে বিজিবির কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত দেওয়া হয়।
যাদেরকে ফেরত পাঠানো হয়েছে তারা হলেন, ফাতেমা বিবি (৩৮), হেলাল উদ্দীন (১৬), মোহাম্মদ হোসেন (১০) ও তার মেয়ে আয়েশা খাতুন (৭)।
বিজিবি সূত্রে জানা যায়, ২০১১ সালের মার্চ মাসের ১৭ তারিখে দিনাজপুর জেলার হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে কক্সবাজার জেলার চকরিয়া থানার মাধুরা গ্রামের আব্দুস সালামের স্ত্রী ফাতেমা বিবি, বড় ছেলে হেলাল উদ্দীন, মোহাম্মদ হোসেন ও মেয়ে আয়েশা খাতুন কাজের সন্ধানে ভারতে প্রবেশ করেন। এ সময় ভারতের মালদহ রেলস্টেশন থেকে রেলওয়ে পুলিশ তাদেরকে আটক করে মালদহ থানায় সোপর্দ করে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে দুই শিশু আয়েশা খাতুন ও মোহাম্মদ হোসেনকে কলকাতা আনন্দআশ্রম সেফহোমে এবং মা ফাতেমা বিবি ও হেলাল উদ্দীনকে কলকাতা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখানে ৫ বছর সাজার মেয়াদ শেষ হলে দর্শনা সীমান্ত দিয়ে তাদের ফেরত পাঠানো হয়। বিজিবি তাদেরকে দামুড়হুদা থানায় হস্তান্তর করেছে।
পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গার ৬ ব্যাটালিয়ন এর দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নজরুল ইসলাম ও ইমিগ্রেশন ইনচার্জ নাজমুল হক এবং ভারতের পক্ষে গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেকটর ডি কুমার দাস ও ইমিগ্রেশন ইনচার্জ শ্রী দিপক কুমার কর।
দামুড়হুদা থানার ওসি লিয়াকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতেই চার জনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এসএম/