ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রায় ৫৬টি কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাতে প্রতিষ্ঠানটির মূল ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী সাজেদ উর রহমান জানান, কলেজের সিসি ক্যামেরায় দেখা গেছে, মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে লুঙ্গি ও প্যান্ট পরিহিত তিন ব্যক্তি দেয়াল টপকে মই দিয়ে দ্বিতীয় তলায় ওঠে। এরপর দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকা কম্পিউটার ল্যাবের তালা কেটে ঢুকে অর্ধশতাধিক কম্পিউটারের র্যাম ও প্রসেসর খুলে নিয়ে যায়। যাওয়ার সময় কম্পিউটার ল্যাবের দরজায় অন্য তালা লাগিয়ে চাবি ফেলে রেখে যায় তারা। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা করা হবে।
কলেজের নিরাপত্তা প্রহরী বিল্লাল হোসেন বলেন, ‘রাত ১০টার দিকে আমি ডিউটিতে আসি। রাতে কখন চুরি হয়েছে কিছুই জানি না।’
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা জানান, চুরির ঘটনায় একটি অভিযোগ পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। চুরি হওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।