দেশের জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তরিত করতে যশোর অঞ্চলের এক হাজার জনকে সৌদি আরবে কাজের সুযোগ করে দিচ্ছে সরকার। এ উপলক্ষে সোমবার (৪ অক্টোবর) দিনব্যাপী যশোর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। দিনভর সাক্ষাৎকার গ্রহণ শেষে বিদেশগামীদের নির্বাচন করা হয়। রিক্রুটিং এজেন্সি ম্যাক্স ম্যানেজমেন্ট অ্যান্ড সার্ভিসেসের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।
সকাল ৯টা থেকে শুরু হওয়া এ চাকরি মেলায় যশোর জেলার আট উপজেলার প্রশিক্ষিত এবং অপ্রশিক্ষিত যুবকরা অংশ নিয়েছেন। সৌদি আরবে থাকা খাওয়ার সুবিধা এবং ওভার টাইমের সুযোগসহ ৭০০ রিয়াল (সৌদি মুদ্রা) বেতনে ক্লিনার পদে কাজ পাবেন নির্বাচিত যুবকরা।
এদিকে, কেবলমাত্র সাক্ষাৎকারের মাধ্যমে অল্প খরচে বিদেশ যাওয়ার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন চাকরি মেলায় আসা যুবকরা।
যশোর শহরের রেলগেট এলাকা থেকে আসা সোলাইমান হোসেন বলেন, ‘আমি চায়ের দোকান চালাই। সরকারিভাবে বিদেশে লোক পাঠানোর খবর শুনে আজ এখানে এসেছি। ইন্টারভিউ নিয়ে আমাকে ইয়েস কার্ড দিয়েছেন।’
চৌগাছা উপজেলা থেকে আসা হাবিবুর রহমান বলেন, ‘আমি আগেও বিদেশে কাজ করেছি। করোনার কারণে দেশে ফিরে আসি। সরকারিভাবে সৌদি যাওয়ার সুযোগ নিতে আজকে ইন্টারভিউ দিয়েছি। আমি ইয়েস কার্ড পেয়েছি। আশা করছি, দ্রুতই যেতে পারবো।’
শার্শা উপজেলা থেকে আসা অনার্স পড়ুয়া ছাত্র ইমরান হোসেন বলেন, ‘সংসারে অভাব অনটনের কারণে বিদেশে যেতে চাইছিলাম। এর মধ্যে সরকারিভাবে সৌদি আরব যাওয়ার নিয়োগ বিজ্ঞপ্তি দেখে এসেছি। ইয়েস কার্ড পেয়েছি। দ্রুত বিদেশ যেয়ে সংসারের হাল ধরতে পারবো।’
মণিরামপুর উপজেলা থেকে আসা লেদ মিস্ত্রি সাব্বির হোসেন বলেন, ‘দেশে আমার আয়ে সংসার চালিয়ে ছেলেমেয়ের লেখাপড়ার খরচ টানা কষ্ট হয়ে যায়। শুনলাম, সরকার কম টাকায় সৌদি আরবে লোক পাঠাবে। আমার পাসপোর্ট আছে। এ জন্য এ চাকরি মেলায় এসেছি। অল্প কিছু প্রশ্ন করে আমাকে ইয়েস কার্ড দিয়েছে। ভাবতেও পারিনি এতো সহজে কম টাকায় বিদেশে যেতে পারবো।’
মেলা শেষে বিকাল ৫টায় জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সাক্ষাৎকারে নির্বাচিতদের হাতে ইয়েস কার্ড তুলে দেবেন।
যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ হোসেন ভুইঁয়া জানিয়েছেন, নির্বাচিতরা দালালমুক্তভাবে সরকার নির্ধারিত এক লাখ ৬৫ হাজার টাকা খরচ করে বিদেশে যেতে পারবেন। পাসপোর্ট ও টিকা নেওয়া থাকলে আগামী এক মাসের মধ্যে তারা দেশটিতে যেতে পারবেন।