মহেশপুরে ভোটার ও প্রার্থীকে কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ

ঝিনাইদহের মহেশপুরে চলছে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহন চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকাল থেকেই গ্রামের বিভিন্ন এলাকা থেকে ভ্যান, নসিমন, করিমন, আলমসাধুসহ বিভিন্ন বাহনে করে ভোটাররা কেন্দ্রে আসতে থাকেন।

তবে ভোট শুরুর পর উপজেলার সেজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের আসতে বাধা দেওয়া নিয়ে নৌকা ও বিদ্রোহী মোটরসাইকেল প্রতকীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নৌকা প্রতীকের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোটরসাইকেল প্রতীকের নাজমুল হাসান অভিযোগ করেন, নৌকার সমর্থকরা আমার ভোটারদের কেন্দ্রে আসতে দিচ্ছে না। আমি গাড়ি নিয়ে সেজিয়া কেন্দ্রে আসলে আমার ওপর হামলা চালানোর চেষ্টা হয়। পরে গাড়ি ফিরিয়ে দিতে বাধ্য হই।

তবে নৌকার প্রার্থী সামছুল আলম মৃধার দাবি, সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ চলছে। কোথাও কোনও সমস্যা নেই। বিদ্রোহী প্রার্থী আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। আমাদের কোনও কর্মী-সমর্থক কাউকেই বাধা দিচ্ছে না।

মোবাইল টিমের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিয়া আক্তার জানান, কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তবে এখন পরিস্থিতি শান্ত আছে।

উল্লেখ্য, আজ উপজেলার ১২টি ইউনিয়নে ১১৬ টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। তবে কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ বিবেচনায় নিয়েই ভোটগ্রহণ চলছে। নিরাপত্তার জন্য ৮১৩ জন পুলিশ, ১৯৭২ জন আনসার, তিন প্লাটুন বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।