সাতক্ষীরার সদর উপজেলার বৈকারী ইউপি নির্বাচনে ভোটকেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামানসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সদর উপজেলার বৈকারী ইউনিয়নের খলিলনগর কেন্দ্রে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান। এছাড়া জহির রায়হান হৃদয়, রনি, আবু সাঈদৎ, মেম্বার প্রার্থী মজনু, হাফিজুল, মনিরুলসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে পাঁচ জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকি ১২ ইউনিয়নে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৈকারী ইউনিয়নের খলিলনগর কেন্দ্রে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফার পোলিং এজেন্ট বের করে দেওয়ার চেষ্টাকালে দু’পক্ষের সংঘর্ষের সূত্রপাত হয়। এতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামানসহ অন্তত সাত জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এছাড়া একই ইউনিয়নের কাথন্ডা ওয়ার্ডের মেম্বার প্রার্থী আব্দুল জলিলের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও তিন জন আহত হন বলে জানা গেছে।
এদিকে, সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তৎপর ছিলেন।
বৈকারী ইনিয়নের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক আবুল কালাম বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছি।