যৌথ সাইকেল র্যালিতে অংশ নিতে ভারতীয় সেনাবাহিনীর ২০ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। রবিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ভারতের পেট্রাপোল ও যশোরের বেনাপোল বন্দর দিয়ে প্রবেশ করেন তারা।
দলটি সোমবার (১৫ নভেম্বর) থেকে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যৌথ সাইকেল র্যালিতে অংশ নেবেন। চতুর্থবারের মতো যশোর সেনানিবাস থেকে আগামীকাল সোমবার সকাল সাড়ে ৮টায় এই র্যালি শুরু হবে।
প্রতিনিধি দলটি বেনাপোল নো ম্যান্স ল্যান্ডে আসলে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যশোর সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল হাফিজুর রহমান। ভারতীয় সেনাবাহিনীর ২০ সদস্যের সাইকেল র্যালির নেতৃত্বে এসেছেন কর্নেল মোহিত সিং।
যশোর সেনাবাহিনীর মেজর মো. জাকারিয়া জানান, দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলমান প্রক্রিয়া এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে সাইকেল র্যালির আয়োজন করা হয়ে থাকে।
র্যালিটি যশোর সেনানিবাস থেকে শুরু হবে। এরপর ঝিনাইদহ, কুষ্টিয়া ও জীবননগর হয়ে দর্শনা গিয়ে শেষ হবে। ১৯ নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর ২০ সদস্যের আর একটি সাইকেল র্যালি দর্শনা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবেন।
সাইকেল র্যালিতে অংশ নেওয়া ভারত-বাংলাদেশ সেনা সদস্যরা দুই দেশের মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতি বিজড়িত জায়গাগুলো পরিদর্শন করবেন। এ ছাড়া মুক্তিযুদ্ধের স্মৃতি মনে রেখেছেন এমন স্থানীয় মানুষদের সঙ্গেও কথা বলবেন।
২০১৬ সালে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সৌহার্দ্য বাড়াতে এই ধরনের যৌথ সাইকেল র্যালির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২০১৭ সালে মার্চে প্রথম সাইকেল যাত্রার আয়োজনে অংশ নেন দুই দেশের সেনা সদস্যরা।