প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুত্তলিকা দাহ করেছে বাগেরহাট জেলা ছাত্রলীগ।
শুক্রবার (১০ ডিসেম্বর) বিকালে আলালের গ্রেফতার দাবিতে জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন ও সাধারণ সম্পাদক নাহিয়ান সুলতান আল ওশানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। লঞ্চঘাট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেল রোড জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক সমাবেশে মিলিত হয়। এরপর কুশপুত্তলিকাটি পোড়ানো হয়।
সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূঁইয়া হেমায়েত উদ্দীন। এ সময় আরও বক্তব্য দেন- সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম, সাধারণ সম্পাদক তারিফ উল ইসলাম পিয়াস, পৌর ছাত্রলীগের সভাপতি উজ্জল সাহা, সাধারণ সম্পাদক রানা সরদার, পিসি কলেজ ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত নোমান প্রমুখ। এ সময় জেলা ও বিভিন্ন ইউনিট ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে তা কোনও ভালো মানুষ দিতে পারে না। মোয়াজ্জেম হোসেনের এমন বক্তব্য সরকার ও রাষ্ট্রকে চরম হেয়প্রতিপন্ন করেছে।
প্রতিবাদ সভা থেকে মোয়াজ্জেম হোসেন আলালের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।