ডিবি হেফাজতে মুক্তিযোদ্ধার সন্তানের মৃত্যু, ২ পুলিশ বরখাস্ত

সাতক্ষীরা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে এক মুক্তিযোদ্ধার সন্তানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ডিবি পুলিশের এক এএসআই ও সদস্যকে বরখাস্ত করা হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) রাতের কোনও একসময় এ ঘটনা ঘটেছে। 

মারা যাওয়া বাবুল সরদার (৫৫) দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত জুড়োন সরদারের ছেলে। তিনি মাদক ব্যবসায় জড়িত এবং ‘আত্মহত্যা’ করেছেন বলে দাবি ডিবি পুলিশের।

বাবুল সরদারের মেয়ে সুলতানা মুন্নী বলেন, ‘শনিবার সকাল ১০টার দিকে ডিবি পুলিশ পরিচয়ে ৪-৫ জন লোক আমাদের বাড়িতে আসে। এ সময় তারা এক নারী সোর্সকে ঘরের ভেতরে পাঠায়। ওই নারী কয়েক বোতল ফেনসিডিল ঘরের মধ্যে রেখে যায়। পরে ডিবি পুলিশ পরিচয়ে ফেনসিডিলসহ আমার বাবাকে আটক করা হয়। এরপর ঘরে তল্লাশি করে ৩৫ হাজার টাকা নিয়ে যায়। সাতক্ষীরায় নেওয়ার পর টাকা নেয়নি মর্মে আমার বাবার স্বীকারোক্তি নেয় ডিবি। সেখান থেকে জেলা ডিবি কার্যালয়ে নিয়ে তার ওপর নির্যাতন চালানো হয়। বাবার মৃত্যুর কথা রবিবার সকালে মাকে জানানো হয়।’

বাবুল সরদারের স্ত্রী শাহানারা বেগম বলেন, ‘খবর পেয়ে ডিবি কার্যালয়ে যাই। তখন আমাকে জানানো হয় কোমরের তাগা (সুতা) গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বাবুল। একটি কাগজে আমার স্বাক্ষর নেওয়া হয়। আমার প্রশ্ন হলো, কীভাবে গলায় তাগা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বাবুল? এটা কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না আমার।’

জানতে চাইলে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইয়াছিন আলম চৌধুরী বলেন, ‘শনিবার ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী বাবলু সরদারকে বসন্তপুর এলাকা থেকে আটক করা হয়। এরপর তাকে ডিবি কার্যালয়ে এনে রাখা হয়েছিল। রাতের কোনও একসময় ডিবি কার্যালয়ের গ্রিলের সঙ্গে কোমরের তাগা গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছে বাবুল।’

এ বিষয়ে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. সজিব খান বলেন, ‘প্রাথমিক তদন্তে বাবুল আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চিকিৎসক ডিবি কার্যালয়ের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কীভাবে তার মৃত্যু হয়েছে, নিশ্চিত করে বলা যাচ্ছে না।’ 

ডিবির হেফাজতে একজন ব্যক্তি কীভাবে আত্মহত্যা করতে পারেন, কোমরের তাগা গলায় পেঁচিয়ে তার পক্ষে আত্মহত্যা করা সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে সজিব খান বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হবে। এ ঘটনায় রাতে কতর্ব্যরত ডিবির এএসআই সোহেল শেখ ও পুলিশ সদস্য শরিফুল ইসলামকে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে।’

দেবহাটা উপজেলা মুক্তিযোদ্বা সংসদের সাবেক কমন্ডার আব্দুল ওহাব বলেন, বাবুল সরদার বসন্তপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত জুড়োন সরদারের ছেলে। তার মৃত্যুর ঘটনাটি তদন্ত করে দেখা দরকার। গলায় তাগা পেঁচিয়ে তার আত্মহত্যার বিষয়টি অবিশ্বাস্য মনে হচ্ছে।