গাড়ি চালিয়ে ভারত থেকে দেশে ফিরলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গাড়ি চালিয়ে ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। রবিবার (১২ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে ভারত থেকে দেশে ফেরেন তিনি। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ রাজু আহম্মেদ। এর আগে ৮ ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশ-ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে সড়কপথে ভারতে গিয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বিকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে বেনাপোলে স্বাগতম জানান বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান, পৌর মেয়র আশরাফুল আলম লিটন, নাভারণ সার্কেলের এএসপি জুয়েল ইমরান ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। তিনি গত ৮ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে যান। সন্ধ্যায় যশোর থেকে ট্রেনে তিনি রাজশাহী যাবেন।

বেনাপোলের স্থানীয় সাংবাদিকরা প্রতিমন্ত্রীকে জানান, ব্যবসায়িক ভিসায় যাত্রীদের পেট্রাপোল বন্দর দিয়ে গত দুই দিন ধরে ভারতে ঢুকতে দিচ্ছে না। এই বিষয়টি তিনি দেখবেন বলে সাংবাদিকদের জানান।