খুলনা মহানগরের পাঁচটি থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি। শনিবার (২৫ ডিসেম্বর) নগরীরে কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সাংগঠনিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে, বিকাল সাড়ে ৩টায় সভা শুরু হয়। চলে রাত ৯টা পর্যন্ত।
বিলুপ্ত করা পাঁচ থানা কমিটি হলো- খুলনা সদর, সোনাডাঙ্গা, খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা বিএনপির কমিটি। মহানগর বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা এসব তথ্য নিশ্চিত করেছেন।
সভায় জেলার ৫২ জন নেতা নিজেদের মতামত প্রকাশ করেন। ছাত্র ও যুব রাজনীতির মাধ্যমে উঠে আসা নেতৃত্বের সমন্বয়ে খুলনা মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করায় তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ফ্যাসিবাদ বিরোধী চূড়ান্ত আন্দোলনের বিজয়ে এ কমিটিই রাজপথে অতীতের ন্যায় দূর্বার ভূমিকা পালন করতে পারবে।’ সভা থেকে অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জোর দাবি জানানো হয়।
সভা থেকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী বিএনপি গঠনের আহ্বান জানানো হয়। খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের (ভারপ্রাপ্ত) দায়িত্ব লাভ করায় অনিন্দ্য ইসলাম অমিতকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে তার সাফল্য কামনা করা হয়। এর আগে দুপুরে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে নজরুল ইসলাম মঞ্জুকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় বিএনপি। এরপর অমিতকে এ দায়িত্ব দেওয়া হয়।
এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা। প্রধান অতিথি ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাহারুজ্জামান। সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব আমীর এজাজ খান, স ম আব্দুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, জালাল শরীফ, ফখরুল আলম ও কাজী মো. রাশেদ। প্রধান বক্তা ছিলেন- নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহির।
এর আগে, শনিবার দুপুরে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুকে দল থেকে অব্যাহতি দেয় বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয় বলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। গত ৯ ডিসেম্বর খুলনা জেলা ও মহানগর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতেও তাকে রাখা হয়নি। মঞ্জুকে অব্যাহতির কয়েক ঘণ্টায় জেলা বিএনপির ১৬ জন নেতা দল থেকে পদত্যাগ করেছেন।