অভয়নগরের ৮ ইউনিয়নের চারটিতে নৌকার জয়

চতুর্থ ধাপে যশোরের অভয়নগর উপজেলার আট ইউনিয়নে ভোট হয়েছে। এর মধ্যে চারটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা এবং বাকি চারটিতে বিভিন্ন প্রতীকের স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন।

রবিবার (২৬ ডিসেম্বর) উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম হাবিবুর রহমান বলেন, ‘এখনও অফিসিয়ালি আমরা নির্বাচনের সব স্থানের ফলাফল পাইনি। তবে, স্থানীয় সূত্র ও সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি।’

নৌকা প্রতীকে বিজয়ীরা হলেন- প্রেমবাগ ইউনিয়নে প্রভাষক মফ্জি উদ্দিন, সুন্দলী ইউনিয়নে বিকাশ রায়, পায়রা ইউনিয়নে হাফিজুর রহমান ও শ্রীধরপুর ইউনিয়নে নাসির উদ্দিন। এ ছাড়া চলিশিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (আনারস), বাঘুটিয়ায় শেখ তৈয়েবুর রহমান (মোটরসাইকেল, বিএনপি), সিদ্দিপাশা ইউনিয়নে শেখ আবুল কাশেম (মোটরসাইকেল, বিএনপি) এবং শুভরাঢ়া ইউনিয়নে জহুরুল ইসলাম (চশমা, জামায়াত) বিজয়ী হয়েছেন।

অভয়নগর উপজেলার আট ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪০, সংরক্ষিত নারী সদস্য পদে ৯৫ ও সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ২৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা এক লাখ ৪২ হাজার ৯৮ জন। সাত ইউনিয়নে ব্যালট পেপারে ভোট অনুষ্ঠিত হলেও শুধুমাত্র প্রেমবাগে ইভিএমে ভোটগ্রহণ করা হয়।