যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে শিক্ষা ক্ষেত্রে অভাবনীয় উন্নতি হয়েছে। শিক্ষার মান নিয়ে প্রধানমন্ত্রী কোনও আপস করেন না। যোগ্য ও দক্ষ ভবিষ্যৎ প্রজন্ম গড়তে তিনি বদ্ধপরিকর। এছাড়া বর্তমান সরকারের আমলে বাস্তবায়ন হচ্ছে বহু মেগা প্রকল্প। উন্নয়ন চিত্রে যশোরের অবস্থান এখন সামনের সারিতে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও যশোর শেখ হাসিনা আইসিটি পার্ক প্রতিষ্ঠা এবং যশোরকে প্রথম ডিজিটাল জেলা করে প্রধানমন্ত্রী জেলাবাসীকে সম্মানিত করেছেন।
মঙ্গলবার (৪ জানুয়ারি) যশোর সরকারি সিটি কলেজে শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আশরাফ উদ-দৌলার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কাজী নাবিল আরও বলেন, প্রধানমন্ত্রীর বিচক্ষণ নেতৃত্বে যশোরে ১৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভবন হয়েছে। সদর উপজেলায় শতভাগ বিদ্যুৎ সেবা পাচ্ছেন সাধারণ মানুষ। উন্নয়নের ধারা ধরে রাখতে সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভার আগে কলেজ স্কাউটের পক্ষ থেকে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদকে অভিবাদন জানানো হয়। এরপর তিনি কলেজ ভবনের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ অধ্যাপক মোশাররফ হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল হালিম ও সহযোগী অধ্যাপক সিরাজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক লুৎফর রহমান প্রধান, অধ্যাপক কার্তিক চন্দ্র দে, যশোর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দিন, উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবীর বিজু, জেলা যুবলীগের সদস্য এসএম রবি সিদ্দিকী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু মুসা মধু প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং পৌর মেয়র হায়দার গনী খান পলাশ, জেলা পরিষদের সদস্য মেহেদি হাসান মিন্টু, যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হল শাখার সভাপতি বিপ্লব দে শান্ত, শেখ হাসিনা হল শাখার সভাপতি শিলা আক্তার, যবিপ্রবি ছাত্রলীগ নেতা আল মামুন সিমন, রুহুল কুদ্দুস রহিত, আশিক খন্দকার, নুর মোহাম্মদ টনি, মুরাদ হাসান, সাকিল সরদার, আসিফ আহমেদ রাহিক, মোহাম্মদ সায়াদ, কামরুল হাসান শিহাব প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ উপস্থিত ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী তুলে দেন।