বাগেরহাটে পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে পারভেজ আল মামুন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে পুলিশের একটি ব্যাগ, রেইন কোর্ট, পুলিশের মনোগ্রামযুক্ত মাস্ক, একটি ল্যাপটপ, একটি মোটরসাইকেল, পুলিশের দুটি ভুয়া আইডি কার্ড, খেলনা পিস্তল ও নগদ সাত হাজার টাকা জব্দ করা হয়।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) জেলা গোয়েন্দা পুলিশ ও ট্রাফিক বিভাগ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বুধবার দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক সংবাদ সম্মেলন করে এ এই তথ্য জানান।
গ্রেফতার পারভেজ আল মামুন খুলনা জেলার দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার এস এ আব্দুল্লাহর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পুলিশ পরিচয়ে প্রতারণা করে আসছিলেন। খেলনা পিস্তল দেখিয়ে নিজেকে পুলিশের কর্মকর্তা বলে সবাইকে বলতেন।
পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভেজ পুলিশ পরিচয়ে প্রতারণা ও অপকর্মের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় মামলা করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।