নিখোঁজ ২ বৃদ্ধের লাশ মিললো ভুট্টাক্ষেতে

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনার ভুট্টাক্ষেত থেকে দুই বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে দর্শনা পৌর এলাকার পরানপুরের ঘোড়াভাঙ্গা মাঠের ভুট্টাক্ষেত থেকে লাশ দুইটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- উপজেলার সড়াবাড়িয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে শওকত আলী (৬৫) ও দর্শনা পৌরসভার পরানপুর গ্রামের মৃত গোলাম জোয়ারদারের ছেলে হাফিজুর রহমান জোয়ারদার (৬২)। দুই জনের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, শওকত আলী দুই দিন ও হাফিজুর রহমান জোয়ারদার একদিন ধরে নিখোঁজ ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলার সড়াবাড়িয়ার শওকত আলী পারিবারিক কলহের জেরে বাড়ি থেকে রাগ করে বের হন। পরে সোমবার বেলা ১১টার দিকে কৃষকরা দর্শনা পরানপুর মাঠে গেলে শওকত আলীর লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে।

এর কিছুক্ষণ পরেই বেলা ১২টার দিকে আগের লাশ উদ্ধারের ২০০ গজ দূরে হাফিজুর রহমান জোয়ারদারের লাশ দেখতে পান স্থানীয় কৃষকরা। পরে সেখান থেকেও তার লাশ উদ্ধার করে পুলিশ।

দর্শনা থানার ওসি লুৎফুল কবির জানান, পরানপুর গ্রামে আধা কিলোমিটারের মধ্যে ভুট্টাক্ষেতের ভেতর থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। একজনের পাশে বিষের বোতল ছিল। অপরজনের মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশের পাশ থেকে ধারালো কাঁচি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।