ঝোড়ো হাওয়ার সঙ্গে ১৮ মিনিট ধরে ঝরলো শিলা   

চুয়াডাঙ্গায় ঝোড়ো বাতাসের সঙ্গে হয়েছে শিলাবৃষ্টি। বিকাল ৩টা সাত মিনিটে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। পরে ঝরতে থাকে শিলা। শিলাবৃষ্টির তাণ্ডব চলে ৩টা ২৫ মিনিট পর্যন্ত। ১৮ মিনিট ধরে চলা ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে ফসল ও বিভিন্ন বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। শিলাবৃষ্টি থামলেও জেলার বিভিন্ন এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে বইছে দমকা হাওয়া। 

স্থানীয়রা বলছেন, চুয়াডাঙ্গায় এমন শিলাবৃষ্টি এর আগে দেখেননি। চুয়াডাঙ্গার আবহাওয়া পর্যবেক্ষক সামাদুল হক বলেন, ১৮ মিনিট ধরে শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টি কমলেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সঙ্গে বইছে দমকা হাওয়া। এর গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ৪০ কিলোমিটার।

এদিকে, ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে জেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচুর লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। এর আগে গত বৃহস্পতিবার রাতে এক ঘণ্টার ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ভুট্টা, ধান ও পানসহ বিভিন্ন ফসল।