বাগেরহাটের কচুয়ায় নবম শ্রেণি পড়ূয়া স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার (১ মার্চ) বিকালে চট্টগ্রামের পতেঙ্গা সজীব মোল্লাকে গ্রেফতার করে খুলনা র্যাব-৬। আইনি প্রক্রিয়া শেষে বুধবার (২ মার্চ) বিকালে তাকে কচুয়া থানায় হস্তান্তর করা হয়।
অপরদিকে, মঙ্গলবার রাতে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে শকিজুল টিপু (২৩) নামে অপর এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর আগে, শুক্রবার গভীর রাতে এজাজুল মোল্লাকে (২১) গ্রেফতার করা হয়। এই ঘটনায় এখন পর্যন্ত তিন আসামিকে গ্রেফতার করা হলো।
কচুয়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে শকিজুলকে পুলিশ ও চট্টগ্রামের পতেঙ্গা এলাকা সজীবকে র্যাব গ্রেফতার করেছে। গ্রেফতার আসামিদের বৃহস্পতিবার আদালতে তোলা হবে।
এর আগে, ২৪ ফেব্রুয়ারি কচুয়া উপজেলায় বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে স্থানীয় কাদের মোল্লার ছেলে এজাজুল মোল্লা, আজহার শেখের সোহেল শেখ, ইউনুস শেখের ছেলে টিপু শেখ ও বাকের মোল্লার ছেলে সজীব মোল্লা কৌশলে ঘরে ঢুকে ওই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে ২৫ ফেব্রুয়ারি রাতে ভুক্তভোগীকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ও শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন ও সড়ক অবরোধ করেন।