প্রধানমন্ত্রীর নির্দেশে রমজানে খুলনা মহানগরীতে ৬৫ হাজার রেশন কার্ডের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। খুলনা মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার (৩ মার্চ) বিকালে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. ডি. এ বাবুল রানার পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর কবির, প্যানেল মেয়র আলী আকবর টিপু, আমিনুল ইসলাম মুন্না, সামসুজ্জামান মিয়া স্বপন, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, শেখ মো. ফারুক হাসান হিটলু, মো. জাহাঙ্গীর হোসেন খান, মো. মফিদুল ইসলাম টুটুল প্রমুখ।
সভায় তালুকদার আব্দুল খালেক বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন আওয়ামী লীগের রাজনীতির মূলমন্ত্র হচ্ছে জনগণের কল্যাণ। তাই আমাদের কাছে রাজনীতি একটি ব্রত এবং সেই ব্রত হচ্ছে দেশ, মানুষ ও সমাজের সেবা করা। আওয়ামী লীগের নেতাকর্মীরা এই নীতির অনুশীলন করে। এ কারণে মহামারির মধ্যে সারাদেশে আমাদের পক্ষ থেকে কোটি কোটি মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনার উন্নয়নে নগর থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উন্নয়নের এ ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ মোকাবেলায় খুলনার সর্বস্তরের জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।