সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো কলেজছাত্রসহ ২ জনের

কুষ্টিয়ায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন। বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে কুষ্টিয়া পৌরসভার কুমারগাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—আকিব হোসেন (২১) ও সবুজ উদ্দিন (৩৪)। আকিব কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তিনি সদর উপজেলার খাজানগর মাদ্রাসাপাড়া এলাকার শরিফুল ইসলামের ছেলে। সবুজ স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি উপজেলার জিয়ারখী ইউনিয়নের হরলা মেটন গ্রামের মৃত শফিউদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মোটরসাইকেলে কুষ্টিয়া থেকে খাজানগর যাচ্ছিলেন আকিব। সবুজ কাজ শেষে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুমারগাড়া এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।