সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শনিবার (৫ মার্চ) সাতক্ষীরা-যশোর সড়কের সদর উপজেলার তুযুলপুরে ও সাতক্ষীরার শ্যামনগরে দুর্ঘটনা দুইটি ঘটে।
নিহতরা হলেন– সাতক্ষীরা পৌরসভার রইচপুর এলাকার মাহবুবুর রহমান বাবু (৩৫)। তিনি ঘের ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে। অপরজন রীতা রানী। তিনি ১৮৫ নম্বর সাপের দুনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম কবীর জানান, সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল স্বপ্নীল পরিবহনের একটি বাস। দ্রুতগামী বাসটি সাতক্ষীরা সদর উপজেলার তুযুলপুর এলাকায় বিপরীতগামী একটি ইঞ্জিনচালিত ভ্যানকে ধাক্কা দেয়। পরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খাওয়ায় বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে কমপক্ষে ২০ যাত্রী আহত হন। এ সময় পালিয়ে যান বাসচালক ইব্রাহিম হোসেন।
আহত যাত্রীদের সাতক্ষীরা সদর ও সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহবুবুর রহমান বাবু।
অপরদিকে, শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহেদ মুর্শেদ জানান, রীতা রানী তার স্বামী দেবনাথ রপ্তানের মোটরসাইকেলে বড়কুপট গ্রাম থেকে শ্যামনগর-আটুলিয়া সড়কে তার কর্মস্থল স্কুলে যাচ্ছিলেন। পথে আটুলিয়া এলাকায় তার ওড়না মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে গেলে তিনি মোটরসাইকেল থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি ইউডি মামলা নিয়ে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।