যে সমস্ত যাত্রী ভারত থেকে ফিরে আসছেন তাদের বাংলাদেশ সরকার অনুমোদিত কোভিড-১৯ টিকার দুইটি ডোজ বা জনসন অ্যান্ড জনসনের একটি ডোজ দেওয়া থাকলে এখন থেকে আর করোনা পরীক্ষার সনদ লাগবে না।
সোমবার (১৪ মার্চ) সকালে বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগে দায়িত্বরত ডা. জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল এরকম একটি চিঠি আমরা পেয়েছি।
বেনাপোল স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত যেকোনও টিকার দুইটি ডোজ বা জনসন অ্যান্ড জনসনের একটি ডোজ গ্রহণকারী যাত্রী ভারত থেকে ফেরত আসলে তার আরটি-পিসিআরের ৭২ ঘণ্টার করোনার নেগেটিভ সনদ প্রয়োজন হবে না। যারা এ আওতার বাইরে থাকবেন তাদেরকে ৭২ ঘণ্টার করোনা টেস্টের সনদ বাধ্যতামূলক।
এদিকে, যে সমস্ত পাসপোর্টধারীযাত্রী ভারতে যাচ্ছেন তাদের মধ্যে যাদের বুস্টার ডোজ অর্থাৎ তৃতীয় ডোজ সম্পন্ন করা আছে তাদের জন্য করোনা টেস্টের সনদ লাগবে না। কিন্তু যে সমস্ত যাত্রীদের শরীরে উপসর্গ থাকবে তাদেরকে বাধ্যতামূলক আইসোলেশনে থেকে করোনা টেস্ট করতে হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ জানান, ভারত থেকে ফিরে আসা বাংলাদেশি যাত্রী যাদের সরকার কর্তৃক অনুমোদিত করোনার দুইটি টিকার ডোজ বা জনসন অ্যান্ড জনসনের একটি টিকা দেওয়া আছে তাদের জন্য লাগবে না ৭২ ঘণ্টার আরটি-পিসিআরের নেগেটিভ সার্টিফিকেট সনদ। এটি আজ থেকে কার্যকর হয়েছে।